চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কালবৈশাখীর তাণ্ডব: রাঙ্গুনিয়ায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

কালবৈশাখীর তাণ্ডব: রাঙ্গুনিয়ায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৬ | ৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। মাত্র কিছুক্ষণের স্থায়ী এই ঝড়ে ঘরবাড়ি, গাছপালা এবং বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

 

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের তথ্যমতে, উপজেলার অন্তত ৫০টি স্থানে গাছ উপড়ে পড়েছে এবং ১০টির মতো বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ। বিশেষ করে পোমরা তাপবিদ্যুৎ এলাকা, জিয়ানগর, শান্তিরহাট, পৌরসভার ঘাটচেক, ইসলামপুর, সাহেবনগর, বগাবিলী ও সরফভাতাসহ বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডব বেশি অনুভূত হয়েছে। অনেক মানুষ তাদের বসতঘর আংশিক বা সম্পূর্ণ হারিয়ে বিপাকে পড়েছেন।

 

ঝড়ে বিভিন্ন স্থানে গাছ পড়ে থাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রাস্তা বন্ধ থাকার কারণে এসএসসি পরীক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শত শত সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিলে বিকেল ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

ঝড়ের প্রভাবে মঙ্গলবার দুপুর থেকেই পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের মতে, মরিয়মনগর, গাবতল, রাজানগরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ পড়ায় সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মেরামতের কাজ নিরবিচ্ছিন্নভাবে চললেও স্বাভাবিক সরবরাহ ফিরতে বেশ সময় লাগবে। এ সময় পর্যন্ত সবাইকে ধৈর্যের সাথে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

 

বর্তমানে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট