চট্টগ্রামের পটিয়ায় ১৫ টন চিনির একটি চালান ছিনতাইয়ের ঘটনায় দুই দফা অভিযান চালিয়ে ২৮৪ বস্তা (১৪.২ টন) চিনি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার একটি বন্ধ দোকান থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়।
এই ঘটনায় কাভার্ডভ্যানের চালককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ব্যবসায়ী রাহাত উদ্দিন জুয়েলসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে ছিনতাই হওয়া চালানের বাকি ১৬ বস্তা চিনি উদ্ধার ও পলাতক আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
দোকান মালিক রাসেল, যিনি মামলার আসামি মুদি ব্যবসায়ী রাহাত উদ্দিন জুয়েলের ভাই। এর আগে বুধবার দিবাগত রাতে বান্দরবানের আজিজনগর বাজারে জুয়েলের গোডাউন থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের খবর পেয়ে জুয়েল পালিয়ে যান।
ঘটনায় চিনির মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় চালক মো. আলমগীর ও ব্যবসায়ী জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত চালক আলমগীরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং এলাকায় কর্ণফুলী উপজেলা পরিষদ ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, দুই অভিযানে মোট ২৮৪ বস্তা চিনি উদ্ধার করা গেছে। ঘটনার প্রকৃত রহস্য, চিনিগুলো কীভাবে সরানো হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















