চট্টগ্রাম নগরের সানমার-১ এ কপার চিমনি রেস্টুরেন্টের হলরুমে ‘বৈষম্য বিলোপ আইন বিষয়ক বিভাগীয় পর্যায়ে সংলাপ’ গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
ইলমা, খান ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে এবং নাগরিকতা প্রকল্পের সহযোগিতায় সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও জেন্ডার বৈষম্য প্রতিরোধে আইনটির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের ওয়াসিউর রহমান তন্ময়, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, বাংলাদেশ সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমির লুবনা। বৈষম্যবিরোধী আইন বিষয়ক মূল উপস্থাপনা এডভোকেট রুমা সুলতানা।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্লাস্টের প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ২০২২ সালে বৈষ্যম্য বিরোধী আইনের একটি খসড়া তৈরি হয়েছিল। কিন্তু সেটি সংসদে পাস হয়নি। যেটা বিল হিসেবে রয়ে গেছে। আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন আইন, পারিবারিক সংহিসতা প্রতিরোধ আইন থেকে শুরু করে আরও অনেক আইন রয়েছে। যেগুলোর মূল ধারকও বাহক সমাজকল্যাণ মন্ত্রণালয়। বৈষম্য বিলোপ আইন বাস্তবায়ন হলে বৈষম্য কমে যাবে।
উপস্থিত অতিথিরা আরও বলেন, ২০০৮ সাল থেকে এই আইন তৈরির আন্দোলন শুরু হয়েছিল। সরকার আইন তৈরি করে। আমরা মনে করি সরকারের উচিত এই আইন তৈরিতে আমাদের সকলের সাথে কথা বলা, সবার মতামত নেয়া। আইন তো সংবিধানে আছে, কিন্তু সেটি বাস্তবায়ন করতে তো আইন হিসেবে সেটিকে বাস্তবে রূপ দিতে হবে। নইলে সেটি সংবিধানেই রয়ে যাবে।
পূর্বকোণ/পিআর




















