চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২৬ | ৫:৩১ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন আটক রাখার এই আবেদন জমা দেন।
 
 
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবাল সোবহান চৌধুরী এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলে আদালতের কার্যক্রম শুরু হলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
 
 
 
এর আগে গতকাল ৪ নভেম্বর বেলা সাড়ে ৩টার দিকে মহাখালীর ডিবিসি নিউজ কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
 
 
 
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ১৮ বছর বয়সী তরুণ মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ হোসেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
 
এ ঘটনার পর একই বছরের ২৬ আগস্ট নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩৩ জনকে আসামি করা হয়। তদন্ত কর্মকর্তা জানান, উক্ত মামলার এজাহারে ৫৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে।
 
পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট