চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পরীক্ষা ছাড়া চাকরি নয়, সনদ যাচাই বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

পরীক্ষা ছাড়া চাকরি নয়, সনদ যাচাই বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ণ

বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন ফেরাতে এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

 

নতুন নির্দেশনা অনুযায়ী, অভিজ্ঞতা প্রয়োজন হয় না এমন সব প্রবেশিকা পদে (যেমন—ম্যানেজমেন্ট ট্রেইনি, প্রবেশনারি বা ক্যাশ অফিসার) নিয়োগের ক্ষেত্রে দুটি জাতীয় পত্রিকা ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অনলাইন বা সশরীর উপস্থিতি এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কেবল মেধাবীদেরই বেছে নিতে হবে। অভিজ্ঞদের উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পদ্ধতি মানতে হবে।

 

পাশাপাশি নতুনদের যোগদানের ১ বছরের মধ্যে এবং পুরোনো ব্যাংকারদের সনদ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পদোন্নতি, আর্থিক সুবিধা বা চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও সনদ যাচাই করে ব্যক্তিগত নথিতে রাখতে হবে। তবে পূর্ববর্তী ব্যাংক যাচাইয়ের প্রত্যয়নপত্র দিলে নতুন করে তা পাঠানোর প্রয়োজন নেই। চাকরি চলাকালীন বা নিয়োগের সময় কারও সনদ জাল প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় আগামী বছরের ৩১ মার্চের মধ্যে প্রতিটি ব্যাংককে নিয়োগ, পদোন্নতি ও আচরণবিধিসহ ১৮টি ক্ষেত্র অন্তর্ভুক্ত করে একটি যুগোপযোগী ‘মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রণয়ন বা হালনাগাদ করতে বলা হয়েছে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন