দেশে প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের ২৬ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল একদিনেই দেশে এসেছে ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। আর ১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৭১৮ বিলিয়ন ডলার— যা গত বছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৭১ বিলিয়ন ডলার। এ হিসাবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।
অপরদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯২৬ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। সে হিসেবে অর্থবছরের এ পর্যন্ত মোট প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ২ শতাংশ।





















