সংসদ সদস্য ও ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ের বাসভবনে হামলা এবং কলকাতার কালীঘাটে ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনে বাধার অভিযোগ তুলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
অভিষেকের বাসভবন পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বলেন, ‘তোমাদের কাছে কতগুলো বুলডোজার আছে? এসো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরের ওপর দিয়ে, আমার বুকের ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। আমি দেখতে চাই তোমাদের কত সাহস!’
এর কয়েক ঘণ্টা আগে অভিষেক অভিযোগ করেন, শুক্রবার রাত ২টার দিকে কালীঘাট রোডে তার বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি-সমর্থিত দুর্বৃত্তরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর এ হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। ঘটনাটিকে প্রাণনাশের চেষ্টা বলেও উল্লেখ করেন ডায়মন্ড হারবারের এই সংসদ সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, দুই দিন ধরে একটানা নজরদারির পর আজ রাত ২টায় এভাবেই আমার বাড়িতে বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে। ফুটেজ দেখুন এবং নিজেরাই বিচার করুন। একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে, তা কল্পনা করুন। গত ছয় মাসে আমার প্রাণনাশের এটি সপ্তম চেষ্টা। অথচ পুলিশের কোনও পদক্ষেপ নেই, বিচার বিভাগেরও কোনও হস্তক্ষেপ নেই।
এদিকে কালীঘাট এলাকায় ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তার দাবি, দীর্ঘদিন ধরে হয়ে আসা কয়েকটি পূজার অনুমতি বাতিল করা হয়েছে। অথচ নতুন করে আয়োজন করা একটি পূজাকে প্রধান সড়কে করার অনুমতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে সাবেক মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই এলাকাটি কালীপূজার শোভাযাত্রার ঐতিহ্যবাহী পথ, তবে কালীপূজা ও দীপাবলির ঠিক মুখে উদযাপনে কেন বাধা দেওয়া হচ্ছে?
বিজেপির কথিত বুলডোজার ব্যবহারের হুমকির জবাবে নিজের চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করে তৃণমূল নেত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে দেওয়ার চেয়ে তিনি নিজে তার মুখোমুখি হতে প্রস্তুত।
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















