যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় দূতাবাস।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। কেউ ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারে।
এছাড়া, ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার আহ্বান জানিয়ে গত ২৮ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন।
তাই যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা থাকলে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পূর্বকোণ/মিফতা


















