বিনা খরচে পবিত্র মক্কা ও মদিনা যাওয়ার সুযোগ দিচ্ছে সৌদি আরবের সরকার। স্মার্টফোনে একটি অ্যাপের মাধ্যমে অনলাইন কুইজে অংশ নিয়ে জিতে নেওয়া যাবে ওমরাহ পালনের প্যাকেজ। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য এ সুযোগ তৈরি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্দোনেশীয় সংবাদমাধ্যম দেতিক হিকমাহর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে বিশেষ এ অনলাইন প্রতিযোগিতা। চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো মাসজুড়ে প্রতিদিন কুইজে অংশ নেওয়ার সুযোগ থাকছে। এতে বিজয়ীদের জন্য রয়েছে বিনা মূল্যে ওমরাহ পালনের প্যাকেজসহ বিভিন্ন পুরস্কার।
প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে রাখা হয়েছে। প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা থাকবে। এর মধ্যে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন অন্তর্ভুক্ত রয়েছে। বিজয়ীরা ২০ কার্টন জমজমের পানিও পাবেন। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন প্রিয়জনকে উপহার দেওয়ার সুযোগ রয়েছে।
যেভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়
প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে স্মার্টফোনে সৌদি সরকারের অফিসিয়াল ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপে প্রবেশ করতে হবে।
অ্যাপের মূল মেনুতে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ অথবা প্রতিযোগিতা-সংক্রান্ত অপশন খুঁজে নিতে হবে। সেখানে বিভিন্ন বিষয়ে কুইজে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে।
প্রতিদিন একজন অংশগ্রহণকারী একটি করে ডিজিটাল চাবি পাবেন। সেই চাবি দিয়ে পছন্দের একটি দরজা খুলতে হবে। এরপর একটি প্রশ্ন আসবে। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে লটারিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া বন্ধু ও পরিবারের সদস্যদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহ করা যাবে। এতে লটারিতে অংশ নেওয়ার সুযোগও বাড়বে।
তবে প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হবে না। লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। তাই অংশ নেওয়ার আগে অ্যাপের নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। পাশাপাশি ব্যক্তিগত ও পাসপোর্টের তথ্যের নিরাপত্তার জন্য অপরিচিত কোনো লিংকে এসব তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।
পূর্বকোণ/মিফতা


















