গাজা শহরে ইসরায়েলের আগের চালানো হামলায় আহত হওয়া আরও দুই ফিলিস্তিনি শুক্রবার মারা গেছেন। নিহতদের মধ্যে একজন মেডিকেল শিক্ষার্থীও রয়েছেন।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।
গাজার পশ্চিমাঞ্চলীয় গাজা সিটির আল-শিফা হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তা জানান, কয়েকদিন আগে আল-শাতি শরণার্থী শিবিরের আল-বালাখিয়া এলাকায় ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি ব্যক্তি মারা গেছেন।
ওই কর্মকর্তা জানান, আল-শাতি শিবিরের বাসিন্দা সারা আবু জিয়াবও গাজা সিটিতে ইসরায়েলের আগের এক হামলায় আহত হওয়ার পর মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু জিয়াব গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থী ছিলেন।
অক্টোবরের শেষদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় তিনি আহত হয়েছিলেন।
এদিকে, শুক্রবার দক্ষিণ গাজার রাফাহর উত্তর-পশ্চিমাঞ্চলে আল-মাওয়াসি এলাকায় ব্যাপক গুলিবর্ষণ করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসব গুলির কিছু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুতেও আঘাত হেনেছে।
২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের অব্যাহত চুক্তি লঙ্ঘনের মধ্যেই এসব ঘটনা ঘটল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের এসব লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৬০২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৯৯ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বকোণ/রাকিব



















