চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

ইরানকে পুরোপুরি ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে পুরোপুরি ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২৬ | ১০:৪০ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটির অবশিষ্টাংশও পুরোপুরি ধ্বংস করে দেওয়া হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি করেছেন তিনি।
 
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই চাঞ্চল্যকর বক্তব্য দেন।
 
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের বিজয়ের পর ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ এবং কংগ্রেসি নজরদারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে এই দুই মাসের অন্তর্বর্তী সময়ে ট্রাম্প ইরানে আরও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক।
 
‘ইরান ইন্টারন্যাশনাল’-এর এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটদের জয় হোয়াইট হাউসের যুদ্ধ পরিচালনায় নজরদারি বাড়াবে। একই সুর শোনা গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক আলোচকের কণ্ঠেও। তাঁর মতে, নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগের এই দুই মাসেই ইরানে বড় ধরনের আঘাত হানতে পারেন ট্রাম্প। তবে অন্য বিশ্লেষকদের মতে, কংগ্রেসে ক্ষমতার রদবদল হলেই যে সংঘাত থেমে যাবে, তা নিশ্চিত নয়।
 
সংঘাত পরিচালনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় কিছুটা অসঙ্গতিও চোখে পড়ছে। একদিকে তিনি সংঘাত আরও বাড়ানোর হুমকি দিচ্ছেন, অন্যদিকে তাৎক্ষণিক বড় কোনো হামলার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।
 
পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট