চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

আন্তর্জাতিক ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ৩:০৭ অপরাহ্ণ

ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হঠাৎ করেই পারমাণবিক হামলার পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে। পারমাণবিক বিস্ফোরণের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের জন্য পাঁচটি সতর্কতামূলক নির্দেশনা প্রচার করেছে। বিস্ফোরণের তাৎক্ষণিক ধাক্কা থেকে বাঁচা, নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং তেজস্ক্রিয় দূষণ এড়ানোর বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রচারিত নির্দেশনায় বলা হয়, পারমাণবিক বিস্ফোরণের পর অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এ সময় বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে ২৪ ঘণ্টা পার হলেই বাইরে বের হওয়া নিরাপদ—এমনটি ধরে না নেওয়ার সতর্কতা রয়েছে।
 
নির্দেশনার প্রথম ধাপে বিস্ফোরণের তীব্র আলোর দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়েছে। দ্রুত শক্ত কোনো প্রতিবন্ধকের আড়ালে আশ্রয় নিয়ে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে বলা হয়েছে। বিস্ফোরণের ধাক্কা কেটে গেলে নিকটবর্তী ভবনে প্রবেশ করে জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে অবস্থান করতে হবে। গাড়িকে আশ্রয় হিসেবে ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
 
তেজস্ক্রিয় ধুলার সংস্পর্শে আসার আশঙ্কা থাকলে কুসুম গরম পানি ও সাবান দিয়ে শরীরের উন্মুক্ত অংশ ধুয়ে ফেলতে বলা হয়েছে। কন্ডিশনার ছাড়া সাধারণ শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গোসলের সুযোগ না থাকলে পানি বা ভেজা টিস্যু দিয়ে মুখ, হাতসহ শরীরের উন্মুক্ত অংশ পরিষ্কার করতে হবে।
 
নির্দেশনায় আরও বলা হয়, আশ্রয়ে থাকার সময় নিরাপদ পানি ও খাবার গ্রহণ করতে হবে। বাইরে বের হওয়ার আগে সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার অনুসরণ করে নিরাপদ পথ সম্পর্কে নিশ্চিত হতে হবে।
 
আশ্রয়স্থলে আগুন লাগলে বা ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিরাপদ হওয়ার বিষয়ে সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বাইরে অবস্থান না করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
 
সূত্র: এনডিটিভি
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট