চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ

ইরানে এখনই হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে মার্কিন বাহিনী পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। এরই মধ্যে হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলার কথা নিশ্চিত করেছেন ট্রাম্প। তার দাবি, এটি ছিল সীমিত সামরিক পদক্ষেপ, পূর্ণমাত্রার যুদ্ধের শুরু নয়।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল, এরই মধ্যে তা অর্জন করা হয়েছে। তাই এখন আর হামলা চালানোর পরিকল্পনা নেই।

ছয় মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে, আমরা যা চেয়েছি তার সবই পেয়েছি।’

ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানে আবার হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। গত কয়েক সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে। তবে নির্বাচনের আগের দিন ওয়াশিংটনে সাংবাদিকেরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ‘না’ বলেছিলেন। একই দিন তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে।

ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়েছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্পের ওপর সংঘাতের অবসান ঘটানোর চাপ রয়েছে।

ইরান যুদ্ধ বন্ধে আলোচনাও চলছে। গত রবিবার কাতারের মধ্যস্থতায় দোহায় টানা তৃতীয় দিনের মতো আলোচনা করেন ইরানের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পথ তৈরি করতে কাতারের মধ্যস্থতাকারীরা একটি খসড়া চুক্তি তৈরি করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

 

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট