ইরানের দক্ষিণাঞ্চলে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আবারও দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) হরমোজগান প্রদেশের বন্দর খামির এলাকার আকাশে ড্রোন দুটি ধ্বংস করে ইরানের প্রতিরক্ষা ইউনিট। ইরানের আকাশ ও জলসীমায় যুক্তরাষ্ট্র এবং ইরানের সামরিক উত্তেজনার ধারাবাহিকতায় এই নতুন ঘটনাটি ঘটল।
আইআরজিসির হরমোজগান আঞ্চলিক ইউনিটের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় থাকা ইউনিটের দক্ষ পরিচালনায় ড্রোন দুটি সফলভাবে ভূপাতিত করা সম্ভব হয়েছে।
এর আগে সোমবার রাতেও কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় যুক্তরাষ্ট্রের দুটি ‘এমকিউএম-১৭০’ (MQM-170) মডেলের নজরদারি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল আইআরজিসি। তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে ড্রোন দুটি নিয়ন্ত্রণমুক্ত করে নামানো হয়। আইআরজিসির তথ্যমতে, এই নিয়ে তাদের হাতে আটক মার্কিন ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।
এ ছাড়া হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের আরেকটি অত্যাধুনিক ‘এমকিউ-৯’ (MQ-9) ড্রোন শনাক্তের পর তা ধ্বংস করার দাবি করেছে বাহিনীটি। ইরানের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাতে এ পর্যন্ত ধ্বংস হওয়া মার্কিন এমকিউ-৯ ড্রোনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ
পূর্বকোণ/এমএইচ/পারভেজ



















