বাংলাদেশি ভিসা প্রার্থীদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস। দূতাবাসটি বাংলাদেশে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এখন থেকে ভিসার আবেদন, তথ্য অনুসন্ধান, আমন্ত্রণপত্র কিংবা আপিল সম্পর্কিত সব ধরনের বিষয় সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে পরিচালনা করতে হবে।
সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা সংক্রান্ত এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেনজেন ভিসা বিষয়ে যেকোনো ধরনের নির্দেশনা, তথ্য প্রদান বা সহায়তা করার এখতিয়ার বা অনুমোদন এখন আর দূতাবাসের হাতে নেই।
এর ফলে, আবেদনকারী এবং স্পন্সরদের ভিসা সম্পর্কিত সব ধরনের প্রশ্ন ও যোগাযোগের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির (Swedish Migration Agency) সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ওয়েব লিংকও দূতাবাসের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে সংযুক্ত করা হয়েছে।
দূতাবাস স্পষ্ট জানিয়েছে যে, শুধু নতুন আবেদন গ্রহণই নয়, বরং আবেদনকারীদের ব্যক্তিগত ফাইলের আপডেট, আমন্ত্রণপত্র সংক্রান্ত বিষয় এবং আপিল পর্যালোচনার মতো ক্ষেত্রেও তারা কোনো ভূমিকা রাখতে পারবে না। এ জাতীয় সমস্ত প্রশাসনিক বিষয়ের জন্য একমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।
দূতাবাস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করলেও এই পরিবর্তনটি ঠিক কবে থেকে কার্যকর হচ্ছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি। এছাড়া বাংলাদেশি আবেদনকারীদের জন্য শেনজেন ভিসার বিকল্প কোনো আবেদন কেন্দ্র বা জমা দেওয়ার অন্য কোনো বিকল্প পদ্ধতি থাকবে কিনা, তা নিয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
পূর্বকোণ/মেহেদী/পারভেজ


















