যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বন্দুক হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব হামলার ঘটনা ঘটে।
রবিবার (১ নভেম্বর) দেশটির পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা হতাহতের এ তথ্য জানান।
সবচেয়ে বেশি আলোচনায় এসেছে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকার ঘটনা। সেখানে প্রায় ৭৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক বন্দুক হামলায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী ও ২০ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। মিসিসিপির জ্যাকসনের একটি নাইট ক্লাবে হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।
উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর হামলায় চার সন্তানের এক অন্তঃসত্ত্বা মা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন, যাঁদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া ডেট্রয়েটে হ্যালোইনের পোশাক পরা পাঁচ বছর বয়সী এক শিশু বাড়িতে খেলার সময় গুলিবিদ্ধ হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান ঘিরেও সহিংসতা ছড়িয়েছে। আলাবামার বার্মিংহামে একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে বন্দুক হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। ইলিনয়ের ব্লুমিংটনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হন। আহত হন আরও সাতজন। ইন্ডিয়ানার ব্লুমিংটনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেও বন্দুক হামলায় সাতজন আহত হয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, হ্যালোইন উৎসবে মানুষের বাইরে বের হওয়া, মদ্যপান ও মাদক গ্রহণের প্রবণতার সঙ্গে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা যুক্ত হয়ে সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে।
নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্সের এক বিশ্লেষণ অনুযায়ী, বছরের সবচেয়ে সহিংস দিনের তালিকায় ৩১ অক্টোবরের অবস্থান তৃতীয়। তার বিশ্লেষণে এর আগে রয়েছে ৪ জুলাই ও ১ জানুয়ারি।
তবে এবারের হ্যালোইনে সহিংসতার মাত্রা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি কি না, তা এখনো নিশ্চিত নয়। ডালাসের পুলিশপ্রধান বলেছেন, হ্যালোইন ও শনিবার রাতের কথা মাথায় রেখে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। তবু এমন সহিংসতাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ


















