চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাংবাদিক হত্যায় বিচারহীনতার হার ৮৬ শতাংশ: ইউনেস্কো

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৬ | ৩:৩৪ অপরাহ্ণ

বিশ্বজুড়ে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকতাসংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যার ৮৬ শতাংশ ঘটনার বিচার হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে বিশ্বে ১৮৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬৭ শতাংশের মৃত্যু হয়েছে সশস্ত্র সংঘাত চলমান দেশগুলোতে।

 

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানায় ইউনেস্কো।

 

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে এ বছরের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘হুমকির ধরন বদলাচ্ছে, বিচারহীনতা রয়ে যাচ্ছে।’ এতে সাংবাদিকদের বিরুদ্ধে পরিবর্তনশীল হুমকি এবং অপরাধের ক্ষেত্রে জবাবদিহির ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়েছে। ইউনেস্কো বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য।

 

সংস্থাটি আরও জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা দূর করতে শুধু অপরাধীদের বিচারের আওতায় আনলেই হবে না; কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, হুমকির ঘটনায় দ্রুত সাড়া দেওয়া এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।

 

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’-এর আওতায় কাজ করছে ইউনেস্কো। প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রায় তিন হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক পূর্ণদিবসের প্রশিক্ষণ মডিউল অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ২০০ নারী সাংবাদিক ও ২৪ জন ফটোসাংবাদিক রয়েছেন।

 

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে ৬০টি সুরক্ষা ভেস্ট, চার হাজার সাংবাদিক সহায়িকা কার্ড এবং সাত হাজার ৫০০টি নির্বাচনবিষয়ক প্রতিবেদন তৈরির নির্দেশিকা বিতরণ করেছে সংস্থাটি। প্রশিক্ষণ ও সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন, পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট