উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি লিটারের দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা ৩ পয়সায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এই নতুন দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার প্রতি লিটার।
এর মধ্য দিয়ে গত চার মাসে ধারাবাহিকভাবে চার দফায় বাড়ানো হলো এই জ্বালানির দাম। গত আগস্ট মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সেপ্টেম্বরে তা বেড়ে হয় ১৬৫ টাকা ৬৫ পয়সা এবং অক্টোবরে আরও বেড়ে দাঁড়ায় ১৮২ টাকা ৭১ পয়সায়। সর্বশেষ নভেম্বরে তা বৃদ্ধি পেয়ে ১৮৯ টাকা ৩ পয়সায় পৌঁছাল।
বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে গত বছরের ১৩ মে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে কমিশন মাসভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে এই মূল্য সমন্বয়ের ব্যবস্থা করে আসছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















