ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনভিত্তিক অর্থায়নের সুযোগ, প্রতিবন্ধকতা ও সমাধান নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিআইইউ বিজনেস স্কুলের উদ্যোগে ‘অ্যাক্সেসিবিলিটি টু ইএসজি ফাইন্যান্সিং ইনসেনটিভস ফর মালয়েশিয়ান এসএমইস: ব্যারিয়ার্স অ্যান্ড সলিউশন্স’ শীর্ষক সেমিনারে মালয়েশিয়ার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের টেকসই অর্থায়ন প্রাপ্তির চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে অনলাইনে আলোচক হিসেবে যুক্ত ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক এবং গুণগত মান ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক ড. টেংকু অ্যাডেলিন আদুরা টেংকু হামজাহ। তিনি টেকসই ব্যবসায়িক চর্চা, আর্থিক প্রণোদনা এবং পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করে ব্যবসাপ্রতিষ্ঠানকে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদে টেকসই করার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় মালয়েশিয়ার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে ইএসজি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রস্তুতি জোরদার এবং টেকসই অর্থায়নের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
সেমিনারে সূচনা বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. ইমন কল্যাণ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। সিআইইউ বিজনেস স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, টেকসই উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সম্পর্ক জোরদারে সিআইইউর প্রচেষ্টার অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
পূর্বকোণ/এএইচ


















