চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৬ | ১:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য হ্রাসের প্রেক্ষিতে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের এ নতুন ঘোষণা দেয়। আজ সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবরও এক দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।

 

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণের অলংকারের ক্ষেত্রে ৫ শতাংশ এবং রুপার অলংকারের ক্ষেত্রে ৬ শতাংশ ভ্যাট ছাড় দেওয়ার বিধান উল্লেখ করা হয়েছে।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট