দেশের সার্বিক মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। সেপ্টেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এসব উপাত্ত জানা গেছে।
মূলত খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি বাড়লেও কমেছে মজুরি বৃদ্ধির হার। অর্থাৎ ব্যয় বাড়লেও কমেছে আয়।
সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। তবে গত বছরের সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ, যা চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় বেশি।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমেছে। গত বছরের সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















