চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নতুন ঋণ নেয়নি সরকার; বরং আগের নেওয়া ঋণের ৭৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর ফলে গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে সরকারের মোট ঋণের স্থিতি নেমে এসেছে ৯৩ হাজার ২৬৪ কোটি টাকায়।
তবে এর বিপরীত চিত্র দেখা গেছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত জুন শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের ঋণের স্থিতি ৫ লাখ ৯১ হাজার ৪২৪ কোটি টাকা ছিল, যা সেপ্টেম্বর পর্যন্ত ২৬ হাজার ৯৭৯ কোটি টাকা বেড়ে দাঁড়ায় ৬ লাখ ১৮ হাজার ৪০৩ কোটি টাকায়। সব মিলিয়ে ব্যাংক খাতের দুই উৎস মিলিয়ে সরকারের মোট ঋণের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৬৬৭ কোটি টাকায়।
বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করায় অর্থনীতিতে নতুন টাকা ছাপানোর চাপ কমবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ এভাবে বাড়তে থাকলে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যয় সংকোচন এবং রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।
পূর্বকোণ/ঐশী

















