চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:০৬ অপরাহ্ণ

দেশের বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
 
 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে প্রাপক করা হয়েছে।
 
 
নোটিশে বলা হয়, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জিআই পণ্যগুলোর একটি। বর্তমানে স্থানীয় বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। ফলে সাধারণ মানুষ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য মাছটি কেনা কঠিন হয়ে পড়েছে।
 
 
আইনি নোটিশে দাবি করা হয়েছে, দেশের বাজারে ইলিশের সংকট ও উচ্চমূল্য থাকা অবস্থায় অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ইলিশ নিয়ে ভারতের কিছু ব্যবসায়ী তা বিভিন্ন দেশে বেশি দামে পুনঃরপ্তানি করছেন বলেও অভিযোগ করা হয়।
 
 
নোটিশদাতার ভাষ্য, এভাবে পুনঃরপ্তানি হলে ইলিশের প্রকৃত আন্তর্জাতিক বাজারমূল্য থেকে বাংলাদেশ বঞ্চিত হতে পারে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীরা বাড়তি মুনাফা অর্জনের সুযোগ পাচ্ছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
 
 
এ কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি ইলিশ রপ্তানির জন্য কার্যকর নীতিমালা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
 
 
নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদের উল্লেখ করে রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ ও আইন মেনে চলার দায়িত্বের কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, সরকার এখনো ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও ভবিষ্যতে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় বিষয়টি নিয়ে আগাম সতর্ক করা হয়েছে।
 
 
সরকারকে সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত না নেওয়া, দেশের বাজারে ইলিশের সরবরাহ বাড়িয়ে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উদ্যোগ নেওয়া এবং সরাসরি আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
 
 
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথা নোটিশে জানানো হয়েছে।
 
পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন