চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

৮০ বছর পর ব্রহ্মপুত্র নৌপথে বাংলাদেশে মিথানল পাঠাচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১৩ অপরাহ্ণ

স্বাধীনতার প্রায় ৮০ বছর পর প্রথমবারের মতো ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগ নিয়েছে ভারতের সরকারি প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল)। 

 

মিথানল পরিবহনের জন্য আসাম সরকারের অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের দুটি কার্গো জাহাজ ইজারা নিয়েছে এপিএল। এর মাধ্যমে পূর্ব ভারতের ডিব্রুগড় থেকে জলপথে আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পরিবহনের নতুন কার্যক্রম শুরু হচ্ছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

 

এপিএলের চেয়ারম্যান বিকুল ডেকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার পর স্বাধীন ভারতে ব্রহ্মপুত্র নদ ব্যবহার করে ডিব্রুগড় থেকে জলপথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার নজির তার জানা নেই।

 

তিনি জানান, মিথানল পরিবহনের জন্য ইজারা নেওয়া দুটি জাহাজ প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে গুয়াহাটির পান্ডু ঘাটে জাহাজ দুটি সংস্কার করা হয়। এখন ডিব্রুগড়ে উৎপাদিত মিথানল নদীপথে ঢাকায় পরিবহনের জন্য এগুলো ব্যবহার করা হবে।

 

এ উদ্যোগের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে তুলনামূলক কম খরচে নৌপথে পণ্য আমদানি-রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন এপিএল চেয়ারম্যান।

 

ইতোমধ্যে মিথানল পরিবহনের জন্য প্রস্তুত করা প্রথম কার্গো জাহাজ ‘ডিএলবি পাটকাই’ ডিব্রুগড়ের বগিবিল ঘাটে পৌঁছেছে। তবে জাহাজটি ঠিক কবে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন