দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকার বেশি কমানো হয়েছে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করে নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর সোনার দাম কমানো হয়েছিল। সে সময় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।
চলতি বছরের শুরুর দিকে ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে স্বর্ণের দামে নাটকীয় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দর ৫ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণেই স্থানীয় বাজারেও দর ওঠানামা করছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পূর্বকোণ/মিফতা

















