আগস্টের প্রথম আট দিনেই দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ।
রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের ৬ থেকে ৮ তারিখ—এই তিন দিনে দেশে এসেছে ৩১৩ মিলিয়ন ডলার। এর আগে ৪ ও ৫ আগস্ট দুই দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন ডলার।
অন্যদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে। রেমিট্যান্সের এ ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হবে।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্টের শুরুতেও সেই প্রবাহ অব্যাহত থাকায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে আরও গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ















