সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে এশিয়ার পরাশক্তি জাপান। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, শেষ মুহূর্তের ‘জাপানি ঝড়ে’ লণ্ডভণ্ড হয়ে যায় সেলেসাওদের সব পরিকল্পনা। ম্যাচের যোগ করা সময়ে গোল হজমের পাশাপাশি রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া ও কোচ কার্লো আনচেলত্তি।
চার মাস আগেই বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে হিউস্টনে মুখোমুখি হয়েছিল দুই দল। সেসময় জাপানের চার-পাঁচ মিনিটের ঝড় সামলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। কিন্তু শনিবারের প্রীতি ম্যাচে পুরোনো ‘জাপানি টর্নেডো’র কথা যেন ভুলে গিয়েছিল আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জাপান ১৪ থেকে ১৮ মাত্র এই পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ব্রাজিলকে কাঁপন ধরিয়ে দেয়। শুরুতে বাঁ উইংয়ে অনেকটাই নিষ্প্রভ ছিলেন ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদের চলমান মৌসুমের ছন্দহীনতার ছাপ যেন স্পষ্ট ছিল তার খেলায়। তবে আধা ঘণ্টা পর পজিশন বদলে ডান প্রান্তে সরে যেতেই বদলে যান এই তারকা ফরোয়ার্ড। ৩৩ মিনিটে দূরপাল্লার বুলেট শটে জাপানের জাল কাঁপিয়ে ব্যবধান কমান ভিনি।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে। ৭৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস। তার এমন ফর্মে ফেরা নিশ্চিতভাবেই স্বস্তি দেবে রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিওকেও।
২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্রয়ের পথেই এগোচ্ছিল ব্রাজিল। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই সব হিসাব পাল্টে দেন বদলি হিসেবে নামা জাপানি ফরোয়ার্ড সাকামুতো। তাঁর দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় জাপান, যা শেষ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সামুরাইদের ঐতিহাসিক দ্বিতীয় জয় নিশ্চিত করে।
এদিকে জাপানের জয়সূচক গোলটির আগে তাকুমি মিনামিনোর বিরুদ্ধে ফাউলের জোরালো অভিযোগ তোলে ব্রাজিল। কিন্তু সিঙ্গাপুরের রেফারি ইয়ানসেন ফু চওয়ান সেই আবেদনে কর্ণপাত করেননি। রেফারির এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে তর্কে জড়ালে লাল কার্ড দেখানো হয় ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া এবং কোচ কার্লো আনচেলত্তিকে। হারের হতাশার সঙ্গে অধিনায়ক ও কোচের লাল কার্ড সব মিলিয়ে সিঙ্গাপুরের রাতটা চরম তিক্ততায় শেষ হলো সেলেসাওদের জন্য।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















