চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে ১১ মাদ্রাসার অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা

কর্ণফুলীতে ১১ মাদ্রাসার অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা

কর্ণফুলী সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৬ | ৬:২৪ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে ১১টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২১তম আজিমুশান নূরানী মিলাদ মাহফিল।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) নয়ারহাটস্থ মকবুল আলী ফকির (রহ.) শাহী জামে মসজিদ প্রাঙ্গণে হযরত মাওলানা তফাজ্জল আলী শাহ্ (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিকেল ৩টা থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন চান্দগাঁওস্থ আকবর মুন্সি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জসিম উদ্দিন আবেদী এবং বাইতুল ফালাহ্ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মোজাম্মেল হক আল-কাদেরী।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় মূল মিলাদ মাহফিল। এতে উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন জসিম। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আবুল হাসানাত আল-কাদেরী। প্রধান আলোচক ছিলেন দায়িয়াপাড়া বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদুল আলম সিরাজী এবং বিশেষ বক্তা ছিলেন মকবুল আলী ফকির (রহ.) শাহী জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান আল-কাদেরী।

বিশেষ অতিথি ছিলেন সমতা শিপিং এজেন্সির স্বত্বাধিকারী ও হযরত ফারুক-এ-আজম (রহ.) হোসেনিয়া দাখিল মাদ্রাসার পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম মনির। এ ছাড়া সংসদের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মসজিদের পরিচালক মোহাম্মদ এসকান্দার সও, আবু তাহের, হাজী মোহাম্মদ হারুন সও, মোহাম্মদ শহিদ নুর হ্যালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে উপহার দেওয়া হয়। পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ উপহার ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। অতিথি, বিচারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়। আগামী বছর থেকে প্রতিযোগিতাটি আরও বড় পরিসরে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম মনির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মো. আবছার উদ্দিন। সঞ্চালনা করেন সৈয়দ মুহিউদ্দিন জামালী।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান জানান, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং হিফজুল কোরআনে শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন