সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচে মাঠে আহত হন ভুটান দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় অরগেন ওয়াংচুক শেরিং। পরে তাঁকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
গতকাল ৫ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। মাঠে খেলতে গিয়ে আহত হওয়ার পর দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়।
উল্লেখ্য, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের চিকিৎসা সহায়তার দায়িত্ব পালন করছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।
সাফের চিকিৎসাসেবা সংক্রান্ত নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে জাতীয় স্টেডিয়ামে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে হাসপাতালটি। এ লক্ষ্যে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হয়েছে।
এ ছাড়া মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল কক্ষ। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভেন্যুতে রাখা হয়েছে দুটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার, প্রাথমিক চিকিৎসাসামগ্রী, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।
আন্তর্জাতিক এই ফুটবল আয়োজনকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনাইটেড হেলথকেয়ারের এ উদ্যোগ প্রশংসনীয়। মাঠে খেলোয়াড় আহত হওয়ার পর দ্রুত চিকিৎসা সহায়তা এবং হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় হাসপাতালটির প্রস্তুতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/আরআর


















