সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের চিকিৎসা সহায়তার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।
সাফের চিকিৎসাসেবা সংক্রান্ত নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে জাতীয় স্টেডিয়ামে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে হাসপাতালটি। এ লক্ষ্যে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হয়েছে।
এ ছাড়া মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল কক্ষ। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভেন্যুতে রাখা হয়েছে দুটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার, প্রাথমিক চিকিৎসাসামগ্রী, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।
আয়োজক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) চিকিৎসাসেবা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখা হয়েছে।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ বড় ক্রীড়া আয়োজনের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় হাসপাতালটির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।
পূর্বকোণ/জিলানী/রাকিব/পারভেজ



















