চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ ও পুনর্বাসন সহায়তা নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর সেবাধর্মী সংগঠন ‘লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি’ ও ‘লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি’-র যৌথ আয়োজনে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ছয় শতাধিক গ্রামবাসী সেবা গ্রহণ করেছেন।
কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল চট্টগ্রাম। চিকিৎসা সেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
এদিকে সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকার জন্য গবাদিপশু বিতরণ, সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান এবং ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরীফ, হাফেজদের জন্য পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল, এমজেএফের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে এই বৃহৎ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ এবং সালমা আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, “লায়নরা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের এই সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন কার্যক্রম অন্যদেরও মানবিক সেবায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।”
সভাপতি লায়ন সালমা আদিল তাঁর বক্তব্যে বলেন, “মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যের সুরক্ষা এবং আবাসন ও জীবিকার সুযোগ তৈরি করে অসহায় মানুষদের স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে লায়ন্স জেলা ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, এমজেএফ; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসা; লায়ন সাব্বির আহমেদ; লায়ন মাহী চৌধুরী; লায়ন আরশাদুর রহমান; লায়ন এ কে এম সালাউদ্দিন, এমজেএফ; লায়ন নুরুল আলম; লায়ন জিয়াউদ্দিন সোহেল; জেড সি ওয়ান লায়ন সাইফুল ইসলাম; লায়ন জাহাঙ্গীর আলম; লায়ন আবদুর রাজ্জাক; লায়ন এম এ আজিজ হাওলাদার; লায়ন সাইফুল ইসলাম এবং লিও আরিফুল ইসলামসহ লায়ন্স ও লিও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন শওকত চৌধুরী, এমজেএফ।
পূর্বকোণ/জিলানি/রানা


















