চট্টগ্রামের ফিশারিঘাট সংলগ্ন বাস্তুহারা এলাকায় শিশুশ্রমের পরিস্থিতি ও শ্রমিকদের কর্মপরিবেশ দেখতে মাঠপর্যায়ে পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের একটি প্রতিনিধিদল।
বুধবার (২৮ অক্টোবর) ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) পরিচালিত ‘ফ্রি কিডস’ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে তারা এ পরিদর্শন করেন।
প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের লেবার অ্যাটাশে লীনা খান এবং লেবার স্পেশালিস্ট মো. সাইফুজ্জামান মেহরাব। পরিদর্শন কার্যক্রম সমন্বয় করেন ইপসার অ্যাডভোকেসি ফোকাল মোহাম্মদ আলী শাহীন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল বাস্তুহারা এলাকার কয়েকটি শুঁটকি প্রক্রিয়াজাতকরণ কারখানা ঘুরে দেখেন। এ সময় তাঁরা বিভিন্ন বয়সের শ্রমিক, শিশুসহ, তাঁদের সঙ্গে কথা বলেন। শুঁটকি প্রক্রিয়াজাতকরণ খাতে শিশুশ্রমের পরিস্থিতি, শ্রমিকদের কর্মপরিবেশ এবং তাঁদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।
এ সময় ইপসার ‘ফ্রি কিডস’প্রকল্পের এমন কয়েকজন শিশু উপকারভোগী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন, যাঁরা প্রকল্পের সহায়তায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে বেরিয়ে এসেছেন। তাঁরা জানান, কিশোর-কিশোরীদের কারিগরি প্রশিক্ষণ এবং অভিভাবকদের জীবিকা ভিত্তিক সহায়তা পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় ভূমিকা রেখেছে। এতে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে পাঠানোর প্রবণতা কমেছে।
প্রকল্পের কার্যক্রম সম্পর্কে লীনা খান বলেন, “শিশুশ্রম কমাতে ইপসার পদক্ষেপ সামগ্রিক। বিশেষ করে, কিশোর-কিশোরীদের কারিগরি প্রশিক্ষণ এবং অভিভাবকদের জীবিকা ভিত্তিক প্রশিক্ষণ আমার পর্যবেক্ষণে বাস্তুচ্যুত মানুষের নিরাপদ ভবিষ্যতের জন্য বেশ উপযোগী।”
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধিদল শুঁটকি পল্লী সমবায় সমিতির নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে নারী শ্রমিকদের কর্মপরিবেশ ও তাঁদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। লীনা খান শ্রমিকদের সহায়তা এবং আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে দেখার আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময়কালে ইপসার অ্যাডভোকেসি ফোকাল পারসন মোহাম্মদ আলী শাহীন বলেন, ‘শিশুশ্রম নির্মূলে কমিউনিটি কেন্দ্রিক ও কার্যকর উদ্যোগ নিতে গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ।’
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সঙ্গে ‘ফ্রি কিডস’ প্রকল্পের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রকল্পের কর্মীরা। এ সময় প্রকল্পের উদ্যোগ এবং শিশু ও তাদের পরিবারের সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রচেষ্টার প্রশংসা করেন লীনা খান। ফ্রি কিডস প্রকল্পটি ‘ক্লাইমেট একশন এট লোকাল লেভেল’ ( কল) কর্মসূচির আওতায় এসডিসি ও সলিডার সুইস বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়ন করছে ইপসা।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















