‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে চট্টগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামের উদ্যোগে শিশু একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক বৈষম্য দূরীকরণ এবং শিশুদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে মহিলা বিষয়ক অধিদপ্তর, ইপসাসহ বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সংস্থা। অনুষ্ঠানে কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। তিনি বলেন, সন্তানদের প্রতি বাবা-মায়ের পূর্ণ আস্থা থাকা প্রয়োজন। কোনো অবস্থাতেই তাদের হতাশ করা বা নিরুৎসাহিত করা যাবে না। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা সহশিক্ষা কার্যক্রমের পেছনে না ছুটে শিশুদের মৌলিক শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধ শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ শিক্ষার সূচনা হওয়া উচিত পরিবার থেকেই।
তিনি আরও বলেন, কন্যাশিশুরা যাতে কোনোভাবেই পিছিয়ে না পড়ে এবং তাদের সম্ভাবনা বিকশিত করতে পারে, সে জন্য পরিবারে সমতা ও ইতিবাচক চর্চা নিশ্চিত করতে হবে। নারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরী বলেন, বাল্যবিবাহ একটি বিচ্ছিন্ন সমস্যা নয়; এর সঙ্গে নিরাপত্তাহীনতা ও সহিংসতার সম্পর্ক রয়েছে। ছেলে ও মেয়েশিশুর মধ্যে বৈষম্যমূলক মানসিকতা পরিবার থেকেই দূর করতে হবে। কোনো ভুলের কারণে যেন কোনো শিশুকে জীবন দিতে না হয়, সে জন্য অভিভাবকদের প্রতিটি শিশুর পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।
তিনি বলেন, শিশুদের আবেগ দমন করার পরিবর্তে তা সঠিকভাবে সামাল দিতে শেখাতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ‘না’ বলার সক্ষমতাও গড়ে তুলতে হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবার—সব পক্ষকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে মহিলা বিষয়ক অধিদপ্তর, ইপসা, কারিতাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, টিআইবি, কোডেক, ঘাসফুল, মমতা, জনউন্নয়ন সংস্থা, প্রত্যাশী, বিটা, বনফুল, ইলমা, বিবিএফ, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, সং সপ্তক, কিডস কালচারাল ইনস্টিটিউট, অপরাজেয় বাংলাদেশ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, এসওএস শিশুপল্লী, ভিডিআরসি ও সিডিসিসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাঁরা শিশু অধিকার প্রতিষ্ঠা এবং কন্যাশিশুর নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পূর্বকোণ/মিফতা



















