বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ডাটাবেজ অনুযায়ী প্রতি বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ২% বিজ্ঞানীর তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় আবারও স্থান পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।
২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের পাশাপাশি ২০২৬ সালেও তিনি এই তালিকায় ঠাঁই পেয়েছেন। ধারাবাহিকভাবে পাঁচ বছর এই তালিকাভুক্ত হয়ে তিনি দেশের একাডেমিক অঙ্গনে বিরল সম্মান বয়ে এনেছেন।
স্ট্যানফোর্ড–এলসেভিয়ার তালিকাটি বিভিন্ন বিজ্ঞানশাখার গবেষকদের উদ্ধৃতি প্রভাব (citation impact) বিবেচনায় তৈরি করা হয়। এই তথ্যভিত্তিক মূল্যায়ন গবেষণার উৎকর্ষ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।
গবেষণায় তাঁর অবদান ব্যাপক। আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে তাঁর ৩৫৯টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া একাধিকবার এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের শীর্ষ গবেষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
প্রফেসর ড. শাহাদাত হোসেন বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একাডেমিক ফেলোশিপ যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট, ইউরোপিয়ান কমিশনের ইরাসমাস মুন্ডুস, কমনওয়েলথ স্কলারশিপ এবং বিশ্বব্যাংক স্কলারশিপ অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন।
পূর্বকোণ/ইবনুর



















