বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে পুরস্কার পেয়েছে কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের অধীন পরিচালিত ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের প্রতিনিধিদের হাতে এ পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কনকর্ড গ্রুপের পক্ষে ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরস্কারটি গ্রহণ করেন।
বাংলাদেশ পর্যটন বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে স্বীকৃতি দেয়। সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, পর্যটন প্রচার, উদ্যোক্তা কার্যক্রম এবং দর্শনার্থীদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার মতো বিষয়গুলো পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।
‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের এ স্বীকৃতিকে বাংলাদেশের পর্যটন ও বিনোদন খাতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কার্যক্রমের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, ওয়াটার কিংডম, হেরিটেজ কর্নার, এক্সট্রিম রেসিং-গো-কার্ট এবং রিসোর্ট আটলান্টিস। প্রতিষ্ঠার পর থেকে পারিবারিক বিনোদন, পর্যটন ও অবকাশযাপনের জন্য এটি দেশের অন্যতম পরিচিত গন্তব্য হিসেবে গড়ে উঠেছে। পরিবার, পর্যটক, করপোরেট গ্রুপসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা নিয়মিত এই কমপ্লেক্সে বিনোদন ও অবকাশযাপনের জন্য আসেন।
পুরস্কার গ্রহণের পর অনুপ কুমার সরকার বলেন, এ স্বীকৃতি কনকর্ড গ্রুপ ও ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য অত্যন্ত সম্মানের। এটি দর্শনার্থীদের জন্য মানসম্মত বিনোদন ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিষ্ঠা, প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি।
তিনি বলেন, “এই স্বীকৃতির জন্য আমরা বাংলাদেশ পর্যটন বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই পুরস্কার বাংলাদেশের পর্যটন ও বিনোদন শিল্পের ধারাবাহিক উন্নয়ন ও বিকাশে আরও বেশি অবদান রাখতে আমাদের অনুপ্রাণিত করবে।”
কনকর্ড এন্টারটেইনমেন্টের সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি পর্যটন, বিনোদন ও অবকাশ খাতে ভবিষ্যতে আরও বিনিয়োগ, সেবার মানোন্নয়ন এবং নতুন বিনোদন সুবিধা যুক্ত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করবে।


















