চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে অটাম সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
উপাচার্য নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন- বিশ্ববিদ্যালয় শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
ওয়াসিয়াতুল মারিফা ইফতির সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপদেষ্টা, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস’র সহযোগী অধ্যাপক ড. কাজী সাইফুল আসপিয়া, স্কুল অব ল এর ভারপ্রাপ্ত সহকারী ডিন রামিসা জাহান, প্রক্টর ড. রুবেল সেন গুপ্তা, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
বক্তারা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু মানেই একটি নতুন যাত্রা, যেখানে কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, প্রয়োজন নেতৃত্বগুণ, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ। এসময় শিক্ষার্থীদের দক্ষ, যোগাযোগ সক্ষম ও ভবিষ্যতমুখী হতে পরামর্শ দেন বক্তারা।
পূর্বকোণ/এএইচ

















