চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সৈয়দ মনসুর আহমেদের প্রথম বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

১ অক্টোবর, ২০২৬ | ৮:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রহ.) মাজার শরীফের খাদেম, আওলাদ ও প্রধান মোতাওয়াল্লি মরহুম সৈয়দ মনসুর আহমেদের প্রথম বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ এবং ষোলশহর আবাসিক এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

মরহুম সৈয়দ মনসুর আহমেদ ২০২৫ সালের ৬ রবিউস সানি ইন্তেকাল করেন। জীবনের প্রায় ৫০ বছর তিনি ঐতিহ্যবাহী বদনা শাহ মাজার শরীফের খেদমতে নিয়োজিত ছিলেন। মাজারের পবিত্রতা, ঐতিহ্য ও আমানত রক্ষার পাশাপাশি ভক্ত-আশেকানদের সেবায় তাঁর দীর্ঘদিনের নিবেদিত ভূমিকা স্মরণীয় হয়ে আছে।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর ৬ রবিউস সানি বার্ষিক ফাতেহা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর তাঁর প্রথম বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ-কিয়াম ও ফাতেহা পাঠ শেষে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এ সময় বক্তারা মরহুম সৈয়দ মনসুর আহমেদের প্রায় অর্ধশতাব্দীর খেদমত, দায়িত্বশীলতা ও মাজার শরীফের ধর্মীয় কার্যক্রমে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মাজার শরীফের ধর্মীয় কার্যক্রম ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মাহফিলে হযরত সৈয়দ শফি শাহ ইয়েমেনী (রাঃ), প্রকাশ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রাঃ)-এর আওলাদ ও বংশধরদের রুহের মাগফিরাত কামনা করে ইসালে সওয়াব করা হয়। একই সঙ্গে হযরত সৈয়দ ফতেহ আলী মিঞা (রাঃ), হযরত সৈয়দ চাঁন্দ মিঞা (রাঃ), হযরত সৈয়দ মো. ইসমাইল (রাঃ), হযরত সৈয়দ মকবুল আহমদ (রাঃ), সৈয়দ মো. ইউসুফ মিঞা, সৈয়দ নাছির আহমদ, মরহুম সৈয়দ মনসুর আহমেদ, সৈয়দ অলি আহমদ ও সৈয়দ আবুল হাশেমসহ দরবার শরীফের প্রয়াত বংশধরদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়া মরহুম সৈয়দ মনসুর আহমেদের সহধর্মিণী মরহুমা রেহেনা বেগমসহ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে মাজারের খাদেম, ভক্ত-মুরিদ, আশেকান, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

পূর্বকোণ/আলতাফ

শেয়ার করুন