চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

২ অক্টোবর শুরু হচ্ছে ‘রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’

২ অক্টোবর শুরু হচ্ছে ‘রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’

প্রেস বিজ্ঞপ্তি

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

দেশের অন্যতম বৃহৎ বির্তক প্রতিযোগিতা ‘রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এবারের আসরে অনুষ্ঠিত হবে ৩১তম আন্তঃস্কুল ও ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সারাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও বিতর্ক ক্লাব অংশ নিচ্ছে।

প্রতিযোগিতা উপলক্ষ্যে গতকাল অংশগ্রহণকারী স্কুলগুলোর মডারেটর ও শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি বৃজেট ডায়েস।

সভায় বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সংগঠক শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, সমন্বয়কারী ডা. ইয়াসিন সাকিব, সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির যুগ্ম প্রধান মেহেরাজ বিন আলম এবং হসপিটালিটি কমিটির যুগ্ম প্রধান আরাফাত কবির। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষক ও মডারেটর অংশ নিয়ে বিতর্কের নিয়মাবলী ও সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বগুণ ও সাবলীল বক্তব্য উপস্থাপনের সক্ষমতা বিকাশে দৃষ্টি চট্টগ্রাম দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক আয়োজন করে আসছে।

আগামী ২ অক্টোবর সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং কর্পোরেট ব্যক্তিত্ব ও বিশিষ্ট গীতিকার আসিফ ইকবাল।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট