পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পিসিআইইউ মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ফটোগ্রাফি টক উইথ ওসমান গণি মনসুর’ শীর্ষক ফটোসাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান, আইন ও কলা অনুষদের ডিন মাঈনুল হাসান চৌধুরী।
সেমিনারের মূল আলোচক ছিলেন বর্ষীয়ান ফটোসাংবাদিক ও সিনিয়র সাংবাদিক ওসমান গণি মনসুর। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা শিক্ষার্থীদের সঙ্গে বিনিময়ের পাশাপাশি তিনি বাংলাদেশের ফটোসাংবাদিকতার ইতিহাস, গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে ফটোসাংবাদিকদের ভূমিকা এবং পেশাটির নানা বাস্তব দিক তুলে ধরেন।
আলোচনায় ফটোসাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন ওসমান গণি মনসুর। সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ উপস্থাপনে একজন সাংবাদিকের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতা শুধু ছবি ধারণ বা তথ্য প্রকাশের বিষয় নয়; এর সঙ্গে ন্যায়নীতি, দায়িত্ববোধ ও নিরন্তর প্রচেষ্টা জড়িত।
নিজের কর্মজীবনের বিভিন্ন চড়াই-উতরাই ও সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের ফটোসাংবাদিকতার চর্চা, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে বাংলাদেশের ফটোসাংবাদিকতার বিকাশ, পেশাগত বাস্তবতা এবং মাঠপর্যায়ের কাজের বিভিন্ন অভিজ্ঞতা উঠে আসে।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী। পরে বিশেষ অতিথি ও আলোচকের বক্তব্য এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে যায়।
সমাপনী বক্তব্যে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অভিজ্ঞ সাংবাদিকদের জীবন ও কর্মের গল্প থেকে শিক্ষা নিয়ে নিজেদের দক্ষতা, মূল্যবোধ ও পেশাগত প্রস্তুতি গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল, মানবিক ও নৈতিক ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সেমিনারে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফিচার রাইটিং প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের জন্য ফটোসাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, পেশাগত নৈতিকতা ও সাংবাদিকতার মাঠপর্যায়ের নানা দিক সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/ ইমন/নুসরাত

















