চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রীতিলতার আত্মাহুতি দিবসে মার্কিন বোয়িং চুক্তি, বাসদের তীব্র ক্ষোভ

প্রীতিলতার আত্মাহুতি দিবসে মার্কিন বোয়িং চুক্তি, বাসদের তীব্র ক্ষোভ

বিজ্ঞপ্তি

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৩০ অপরাহ্ণ

বৃটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির ৯৪ বছর পূর্তির দিনে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি ও বোয়িং থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে প্রীতিলতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত এক সমাবেশে দলটির নেতারা এই ক্ষোভ প্রকাশ করেন।

বাসদ চট্টগ্রাম জেলা শাখা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকাল ৯টায় একটি র‍্যালি ও পুষ্পমাল্য অর্পণ শেষে পাহাড়তলী রেলওয়ে হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যে দিনটি প্রীতিলতার আত্মত্যাগের স্মরণে পালন করা হচ্ছে, ঠিক সেই দিনেই যুক্তরাষ্ট্রের সাথে নতুন বাণিজ্যিক চুক্তি এবং মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। তাদের দাবি, এ ধরনের চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করবে।

বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সদস্য হেলাল উদ্দিন কবির, নাজিম উদ্দীন বাপ্পি, এডভোকেট হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য সুপ্রীতি বড়ুয়া, রেশমা আক্তার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাথে করা সাম্প্রতিক বাণিজ্য চুক্তিতে এমন কিছু শর্ত রয়েছে যা বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করতে পারে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও পণ্য আমদানি এবং মার্কিন উড়োজাহাজ কেনার ফলে দেশের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। এছাড়া বাণিজ্য ও নিরাপত্তার কিছু শর্তের কারণে রাশিয়া ও চীনের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মাস্টারদা সূর্যসেনের নির্দেশে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে বিপ্লবীদের আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। অভিযানে আহত হওয়ার পর সায়ানাইড গ্রহণ করে তিনি আত্মাহুতি দেন।

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রীতিলতারা যে স্বাধীন, সার্বভৌম ও শোষণহীন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন, ৯৪ বছর পরও তা পূরণ হয়নি। বৃটিশ শাসনের অবসান ঘটলেও মানুষ শোষণ, বৈষম্য ও অর্থনৈতিক নির্ভরতা থেকে মুক্তি পায়নি। এমতাবস্থায় প্রীতিলতার আত্মত্যাগের দিনেই দেশের অর্থনীতি ও বাণিজ্যিক সিদ্ধান্তের ওপর বিদেশি প্রভাব বাড়ানোর চুক্তি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উদ্বেগের বিষয়। পরিশেষে, বক্তারা সাম্রাজ্যবাদ ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন