চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চিটাগাং ক্লাব ও ব্যান ক্যাটের উদ্যোগে ‘হোম সিটি ক্যানসার কেয়ার কনভারসেশন’ অনুষ্ঠিত

চিটাগাং ক্লাব ও ব্যান ক্যাটের উদ্যোগে ‘হোম সিটি ক্যানসার কেয়ার কনভারসেশন’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম ক্লাবে ক্যানসার রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘হোম সিটি ক্যানসার কেয়ার কনভারসেশন’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিটাগাং ক্লাব লিমিটেড এবং ঢাকাভিত্তিক জনকল্যাণমূলক সংস্থা ব্যান ক্যাট (বাংলাদেশ ক্যানসার অ্যান্ড ট্রাস্ট)-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের সদস্য এবং বিভিন্ন শিল্পের শীর্ষ ব্যবসায়ীরা ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিতকরণ এবং ব্যান ক্যাটের নির্মাণাধীন ‘আলোক বসতি’ প্রকল্পের সফল বাস্তবায়নে সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান শোভন এম. শাহাবুদ্দিন (রাজ), ব্যান ক্যাটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব এবং ব্যান ক্যাটের সভাপতি ফারজাদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমির আলিহুসাইন এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর পারভীন মাহমুদ এফসিএ। বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি ও ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ভিজিটিং কনসালট্যান্ট অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানের শুরুতে ফারজাদ আহমেদ ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. ফাহিম হাসান রেজা নিজ নিজ পরিবারের ক্যানসার জয়ের অভিজ্ঞতা তুলে ধরে ব্যান ক্যাটকে চট্টগ্রামে স্বাগত জানান। চিটাগাং ক্লাবের চেয়ারম্যান শোভন এম. শাহাবুদ্দিন এই আয়োজনকে ‘আশা, সহানুভূতি ও সেবার রাত’ হিসেবে আখ্যায়িত করে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
ক্যানসার বিজয়ী ও ব্যান ক্যাটের প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব অসচ্ছল ক্যানসার রোগীদের জন্য নির্মাণাধীন ‘আলোক বসতি’ (ক্যানসার কেয়ার ভিলেজ) প্রকল্পের দীর্ঘমেয়াদি লক্ষ্য তুলে ধরেন। তিনি উপস্থিত অতিথিদের ‘বাই আ ব্রিক’ এবং ‘ডেডিকেট আ বেড’ প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামের সুশীল সমাজ এগিয়ে এলে এখানেও আরেকটি ‘আলোক বসতি’ গড়ে তুলতে ব্যান ক্যাট প্রস্তুত।
বিশেষজ্ঞ বক্তা ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ জানান, বাংলাদেশে প্রতি বছর প্রায় দুই লাখ নতুন ক্যানসার রোগী শনাক্ত হয়। তবে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় হলে রোগীদের বেঁচে থাকার হার প্রায় ৯৮ শতাংশে পৌঁছাতে পারে। তিনি উন্নত ডায়াগনস্টিকস, রেডিয়েশন, প্যালিয়েটিভ কেয়ার ও ক্যানসার রেজিস্ট্রি সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ক্যানসার সেন্টারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের পানি দূষণ রোধে শিপ-ব্রেকিং অ্যাসোসিয়েশনগুলোকে নজর রাখার পরামর্শ দেন এবং সরকার ও ট্রাস্টগুলোর মধ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) গড়ে তোলার জোর তাগিদ দেন।
ব্যবসায়ী নেতা আমির আলিহুসাইন বলেন, কর্পোরেট খাত, ব্যক্তি এবং সরকার একযোগে কাজ করলে চিকিৎসা সেবার বিদ্যমান বৈষম্য দূর করা সম্ভব। বিএসআরএম ক্যানসার সেবায় তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী আলী আহমেদ, ভাইস চেয়ারম্যান ডা. মো. সাইদুল আনোয়ার (ফরহাদ), সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাদা আলম ও মনজুরুল হক মনজুসহ ক্লাবের জ্যেষ্ঠ সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে সর্বসাধারণের প্রতি জোয়ার্সার ‘আলোক নিবাস’ পরিদর্শনের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ব্যান ক্যাট (বাংলাদেশ ক্যানসার অ্যান্ড ট্রাস্ট) ক্যানসার আক্রান্তদের স্বাস্থ্যসেবা, সচেতনতা এবং সুবিধাবঞ্চিত রোগীদের সামাজিক ও আর্থিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে। সেবা গ্রহণ বা সহায়তা প্রদানে আগ্রহীগণ বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://bancat.org.bd/) ভিজিট করতে পারেন।

পূর্বকোণ/আদর 

কোনো সাজেশন পাওয়া যায়নি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট