বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফিজিওথেরাপি পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসা ও পুনর্বাসনসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস চট্টগ্রামের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা দেব দুলাল ভৌমিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে হৃদরোগ ও স্ট্রোক অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি। এসব রোগের প্রতিরোধ, চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন এবং রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার ক্ষেত্রে নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রোগীর শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার, চলাফেরার দক্ষতা বৃদ্ধি, দৈনন্দিন কাজের সক্ষমতা ফিরিয়ে আনা এবং জীবনযাত্রার মান উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে ফিজিওথেরাপি ও অন্যান্য পুনর্বাসনসেবা একটি সুসংগঠিত, নিরাপদ ও মানসম্মত কাঠামোর আওতায় পরিচালনার জন্য বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে রিহ্যাবিলিটেশন শিক্ষা ও প্রশিক্ষণের মান নিশ্চিত করা, সংশ্লিষ্ট শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানকে যথাযথ স্বীকৃতি ও অনুমোদনের আওতায় আনা এবং যোগ্য পেশাজীবীদের নিবন্ধনের মাধ্যমে জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত পুনর্বাসনসেবা নিশ্চিত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক দেব দুলাল ভৌমিক বলেন, ফিজিওথেরাপি বর্তমানে আধুনিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু ব্যথা নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রোগ প্রতিরোধ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দুর্ঘটনা ও রোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ফিজিওথেরাপি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ পেশার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিশ্ব ফিজিওথেরাপি দিবস কেবল একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এ দিবসের মাধ্যমে জনগণের মাঝে ফিজিওথেরাপির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা এবং একটি সুস্থ, কর্মক্ষম ও স্বনির্ভর জনগোষ্ঠী গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮-এর যথাযথ বাস্তবায়ন, ফিজিওথেরাপি পেশাজীবীদের নিবন্ধন ও পেশাগত মান নিশ্চিতকরণ এবং দেশের স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপিস্টদের যথাযথ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস চট্টগ্রামের সদস্য সচিব মো. শহিদ খান, মো. মিজানুর রহমান, মো. জাহেদুল ইসলাম, মো. ওয়াদিফ ওয়ালি ফারাবী, মো. খলিলুর রহমান, মো. এ. কে. এম. আজিজুল হক, মো. আহসান উদ্দিন, মো. শামীমা নাসরীন, মো. কামরুল হাসান ও শারমিন আবেদা রফিক।
পূর্বকোণ/আরআর


















