২৮ জুলাই দুপুর ২টা। হঠাৎ কাউকে কিছু না বলে আনোয়ারার রায়পুরের আরাবিয়া খাইরিয়া মাদ্রাসা থেকে বের হয়ে যায় তাসিফুল ইসলাম ওয়াজিফ। ১৬ বছরের এই কিশোর মাদ্রাসাটির হেফজ বিভাগে পড়ে| প্রতিদিনের মত ওয়াজিফ আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখনো তার সন্ধান মিলেনি। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে দুশ্চিন্তায় নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন মা-বাবা| তারা প্রশাসনের কাছে ছেলেকে খুঁজে দেয়ার অনুরোধ জানিয়েছেন।
নিখোঁজ হওয়ার ঘটনায় ৩ আগস্ট আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওয়াজিফের বড় ভাই আতিকুল ইসলাম ফাহিম। ওয়াজিফের বাড়ি রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের ছাদেক আলীর বাড়ি।
এ বিষয়ে ওয়াজিফের বাবা কামরুল ইসলাম মুছা বলেন, প্রতিদিনের মত সে ২৮ জুলাই মাদ্রাসায় যায়। দুপুর ২টার দিকে কাউকে কিছু না বলে সে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে আমরা তাকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও পাইনি। ওর নিখোঁজের পর থেকে আমি আর ওর মা ভেঙে পড়েছি। আমরা প্রশাসনসহ সবার কাছে আমার ছেলেকে উদ্ধার করে দেয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।
সাধারণ ডায়েরিটি তদন্ত করছেন আনোয়ারা থানার এস আই মো. আলমগীর হোসেন| জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানার পর থেকে আমরা কাজ শুরু করেছি| তবে তার কাছে মোবাইল না থাকায় ট্র্যাকিং করা যাচ্ছে না। এরপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পূর্বকোণ/ইমরান/আরআর















