গাণিতিক প্রতিভা অন্বেষণ, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং গণিতকে আনন্দময় ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (CESC)-এ শুরু হয়েছে দুই দিনব্যাপী মেগা গণিত উৎসব ‘CESC MathMagics 2026’। উৎসবমুখর পরিবেশে আজ মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজনটির বর্ণাঢ্য উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী। তাঁর দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং CESC Math Club-এর ব্যবস্থাপনায় এই উৎসবটি আয়োজিত হচ্ছে। শিক্ষার্থীদের বয়স ও শিক্ষাস্তর অনুযায়ী পুরো আয়োজনকে Kids (K), Primary (P), Junior (J), Senior (S) এবং Higher Secondary (HS)—এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
উৎসবের মোট ১০টি প্রতিযোগিতার মধ্যে উদ্বোধনী দিনেই ৮টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এগুলোর মধ্যে ছিল— Math Olympiad, Geometry Dash, Math Relay, Math Meme, Poster Designing, Wall Magazine, Tic Tac Toe এবং Rubik’s Cube। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক প্রাণবন্ত মেলায় পরিণত হয়। প্রথম দিনেই সাবমিশনভিত্তিক ইভেন্টসমূহ এবং Math Relay প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের কাছে গণিতকে শুধু একটি একাডেমিক বিষয় হিসেবে নয়, বরং আনন্দ, সৃজনশীলতা ও চ্যালেঞ্জের মাধ্যমে শেখার একটি আকর্ষণীয় ক্ষেত্র হিসেবে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের দ্রুত চিন্তন ও দলগত কাজের সক্ষমতা বিকাশে এই প্রতিযোগিতাগুলো বিশেষ ভূমিকা রাখছে।
আগামী ১৩ আগস্ট ২০২৬ প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে উৎসবের জমকালো সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে Higher Secondary (HS) ক্যাটাগরির জন্য ‘Integration Bee’ এবং Kids ক্যাটাগরির জন্য ‘Math Riddle’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন প্রতিষ্ঠানের আউটগোয়িং ও ইনকামিং চেয়ারম্যানের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এবং তাঁদের হাতেই Math Olympiad ও Geometry Dash-সহ অন্যান্য মূল বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হবে।
CESC Math Club-এর সদস্যদের নিরলস পরিশ্রম ও অধ্যক্ষের বলিষ্ঠ নেতৃত্বে এই আয়োজনটি সফলভাবে এগিয়ে চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
পূর্বকোণ/এএইচ/সিজান















