পরিবেশ বান্ধব ও দায়িত্বশীল উৎপাদনের ধারায় এক অনন্য মাইলফলক অর্জন করেছে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ইস্পাহানি। শতভাগ রপ্তানীমুখী স্পিনিং মিলটি বন্দরনগরী চট্টগ্রামের উত্তর পাহাড়তলীতে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ইউ. এস. গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন ইউনিট-২ কে বিশ্বমানের লিড প্লাটিনাম সার্টিফিকেটে ভূষিত করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সনদটি ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে হস্তান্তর করেন শ্রীলঙ্কার গ্রীন বিল্ডিং কাউন্সিলের চেয়ারম্যান মাহেন্দ্র জায়ালাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।এছাড়াও ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতিগণ, লিড প্লাটিনাম কনসালটেন্ট, আর্কিটেক্ট, বিশিষ্ট ব্যাংকারগণসহ ইস্পাহানি গ্রুপের সিনিয়র কর্মকর্তা ও অন্যান্য অতিথিগণ।
জ্বালানী সাশ্রয়ী মেশিনারি, নবায়নযোগ্য সৌর শক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব উৎপাদন কারখানার উচ্চ মানদণ্ড বজায় রাখার স্বীকৃতি স্বরূপ এই সনদ দেওয়া হয়েছে।
পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড ১৯৫৪ সাল থেকে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ১৮০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
যুগপোযোগী আধুনিক প্রযুক্তি ও দক্ষ উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত পাহাড়তলী টেক্সটাইলের রয়েছে ৫টি উৎপাদন ইউনিট, যার বার্ষিক সুতা উৎপাদন সক্ষমতা প্রায় ২৩ হাজার মেট্রিক টন। প্রতিষ্ঠানের প্রায় ৭০% কাঁচামাল পরিবেশবান্ধব উৎস থেকে সংগ্রহ করা হয়।
এছাড়াও আধুনিক পরিবেশ বান্ধব মেশিনারির পাশাপাশি ক্যাপটিভ জেনারেটরের নিঃসৃত পুনরব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার এবং ১০ লাখ লিটার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাসহ ১২ হাজারের বেশি গাছ সমৃদ্ধ সবুজ পরিবেশ প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক তৈরি পোষাক ব্র্যান্ডগুলোর নিকট আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
পাহাড়তলী টেক্সটাইলের এই অর্জন বাংলাদেশের শিল্পখাত টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।
পূর্বকোণ/রেহেনুমা















