চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি দেশের অন্যতম ট্রান্সফরমার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (জেমকো) প্ল্যান্টে একটি শিক্ষা সফর ও শিল্প পরিদর্শনে অংশগ্রহণ করে।
বিভাগের শিক্ষক ড. রুবেল সেন গুপ্ত ও ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত এ শিল্প পরিদর্শনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ট্রান্সফরমার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া এবং শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো।
জিইএম প্ল্যান্ট পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা শিক্ষার্থীদের স্বাগত জানান এবং উৎপাদন কার্যক্রম, শিল্প পরিচালনা ও নিরাপত্তা বিধি সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করেন। এ সময় প্রকৌশলী (যান্ত্রিক) গোলাম রহমান এবং প্রকৌশলী (তড়িৎ ও ট্রেনিং ইন-চার্জ) মো. মাসুদুর রহমান শিক্ষার্থীদের বিভিন্ন উৎপাদন ধাপ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন।
পরিদর্শনের শুরুতে শিক্ষার্থীরা প্ল্যান্টের মেকানিক্যাল সেকশন ঘুরে দেখেন। সেখানে ট্রান্সফরমারের ট্যাংক, কভার, কুলিংফেন সহ বিভিন্ন কাঠামোগত অংশ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। স্টিল শিট কাটিং, পাঞ্চিং, বেন্ডিং, ড্রিলিং, ওয়েল্ডিং ও অ্যাসেম্বলিসহ আধুনিক উৎপাদন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তারা বাস্তব ধারণা লাভ করেন।
পরবর্তীতে তারা ইলেকট্রিক্যাল সেকশন পরিদর্শন করেন। এ সময় ট্রান্সফরমারের হাই টেনশন (এইচটি) ও লো টেনশন (এলটি) উইন্ডিং প্রস্তুত, ইনসুলেশন, কোর অ্যাসেম্বলি, বৈদ্যুতিক সংযোগ এবং চূড়ান্ত সংযোজন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান। পাশাপাশি প্রকৌশলীরা ট্রান্সফরমারের দক্ষতা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি কর্মক্ষমতা নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন পরীক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
শিক্ষার্থীরা জানান, এ শিক্ষা সফরের মাধ্যমে তারা ট্রান্সফরমার উৎপাদনের আধুনিক প্রযুক্তি, শিল্পকারখানার কার্যক্রম এবং প্রকৌশল শিক্ষার বাস্তব প্রয়োগ সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের মতে, এ ধরনের শিল্প পরিদর্শন প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, বাস্তবমুখী শিক্ষা অর্জন এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য নিজেদের আরও প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূর্বকোণ/এএইচ
















