চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখায় ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়।
শনিবার সীতাকুণ্ডের সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় কারুঘর ট্রেনিং সেন্টারের নতুন প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ট্রাই ওমেন অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও কারুঘর ট্রেনিং সেন্টার।
অনুষ্ঠানে সীতাকুণ্ডের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ফর সোসাল অ্যাকশন-ইপসার নির্বাহী প্রধান ড. আরিফুর রহমান, বি অ্যান্ড এফ কেয়ার ফাউন্ডেশন- সীতাকুণ্ডের সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এবং সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহকেও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাই ওমেন অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং কারোঘর ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা আইরিন নেছা মুনমুন। তিনি ২০২৪ সালে সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়ে জয়িতা পদক অর্জন করেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বর্তমানে মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সীতাকুণ্ডের সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সীতাকুণ্ডের সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, ইপসার ট্রেনিং অফিসার শামিম আহমেদ, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান ইউসুফ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. মোবারক আলী , বি অ্যান্ড এফ কেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক লায়ন আশরাফুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এজন্য নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, হস্তশিল্পসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কারুঘর ট্রেনিং সেন্টার সীতাকুণ্ডের নারীদের স্বনির্ভর করে তুলতে কাজ করছে। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ শতাধিক নারীকে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও বাড়িয়ে তোলার আহ্বান জানান বক্তারা।
পূর্বকোণ/সারোয়ার/সিজান/পারভেজ















