প্রখ্যাত ইতিহাসবিদ, মুদ্রাতত্ত্ববিদ ও শিলালিপি বিশারদ প্রফেসর ইমেরিটাস ড. আবদুল করিমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ ও ষাটের দশকের এই কৃতী শিক্ষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তাঁর দীর্ঘ কর্মজীবনে বাংলার ইতিহাস গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন।
ড. আবদুল করিম ১৯২৮ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাপাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী সৈয়দ ওয়াইজউদ্দিন এবং মাতা সৈয়দা রকিবা খাতুন। তিনি ১৯৪৪ সালে তৎকালীন চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ) থেকে প্রবেশিকা (হাই মাদ্রাসা) পরীক্ষায় দ্বিতীয় স্থান এবং ১৯৪৬ সালে আইএ পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে ইতিহাস বিভাগে বিএ অনার্স এবং ১৯৫০ সালে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব অর্জন করেন। তিনি ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৬২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু হয়। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে ইতিহাস বিভাগে রিডার ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন এবং পরবর্তীকালে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
একজন গবেষক হিসেবে তিনি দেশ-বিদেশে সমাদৃত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— Social History of Muslims in Bengal, Corpus of the Muslim Coins of Bengal, The Rohingya Muslims, ঢাকাই মসলিন, বাংলার ইতিহাস এবং বাঁশখালীর ইতিহাস ও ঐতিহ্য।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। এছাড়াও তিনি ইতিহাসবিদ হিসেবে ‘আকবর সিলভার মেডেল’ এবং ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রেসিডেন্টস গোল্ড মেডেল’সহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন। সমাজসেবা ও শিক্ষা বিস্তারে তিনি হাটহাজারী সরকারি কলেজ এবং পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।
আজ তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। ড. আবদুল করিমের স্মৃতি রক্ষার্থে এবং তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনার মাধ্যমে জাতি আজ এই গুণী ব্যক্তিত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















