চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশের সড়কে শতভাগ বৈদ্যুতিক কার্গো ভ্যানের যাত্রা শুরু

বাংলাদেশের সড়কে শতভাগ বৈদ্যুতিক কার্গো ভ্যানের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

বাংলাদেশের বাণিজ্যিক পরিবহন ও লজিস্টিকস খাতে এক যুগান্তকারী এবং পরিবেশবান্ধব অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো বৃহৎ পরিসরে শতভাগ বৈদ্যুতিক যান যুক্ত করার লক্ষ্যে র‍্যাংগস গ্রুপের ফিউচার মোবিলিটি ইউনিট ‘র‍্যাংগসএক্স’, আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি ডংফেং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ভ্যান হস্তান্তর করেছে।

 

গত ৮ জুলাই র‍্যাংগস অ্যাসেম্বলি প্ল্যান্টে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই কার্গো ভ্যানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

 

এই উদ্যোগটি সরকারের ইলেকট্রিক ভেহিকেল নীতিমালা ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। র‍্যাংগস গ্রুপের অটোমোটিভ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার এই উদ্যোগকে বাংলাদেশের ইভি যাত্রায় এক নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক জানান, তারা শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে নিজেদের ফ্লিটে এই বৈদ্যুতিক কার্গো ভ্যানগুলো যুক্ত করেছেন।

 

লজিস্টিকস ব্যবসায় অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ। র‍্যাংগসএক্স-এর বিজনেস হেড শাহ মোহাম্মদ রুম্মান বিন রউফ জানান, এই বৈদ্যুতিক কার্গো ভ্যান ব্যবহারের ফলে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ—উভয় ব্যয়ই উল্লেখযোগ্য হারে কমবে, যা ব্যবসা পরিচালনাকে আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করে তুলবে।

 

র‍্যাংগসএক্স বর্তমানে বেসরকারি খাতে ইলেকট্রিক পরিবহনের অগ্রদূত হিসেবে কাজ করছে। তাদের পোর্টফোলিওতে ইলেকট্রিক কার্গো ভ্যান ছাড়াও রয়েছে ইলেকট্রিক মাইক্রোবাস ও টু-হুইলার, যা দেশের আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াতের চাহিদা মেটাতে সক্ষম। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ দেশের করপোরেট ও লজিস্টিকস খাতে ইভি ব্যবহারের প্রসারে একটি নীরব বিপ্লব ঘটাবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন