চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বন্যার্তদের পুনর্বাসনে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সহায়তা

বন্যার্তদের পুনর্বাসনে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সহায়তা

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন। এই মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক মো. শওকত আলী প্রধানমন্ত্রীর নিকট চেকটি তুলে দেন। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনজুর-উল-আলম উপস্থিত ছিলেন।

 

চেক হস্তান্তরের পর এসোসিয়েশনের নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি, ফসল ও জীবিকা হারিয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্যাকবলিত অঞ্চলে বর্তমানে বিশুদ্ধ পানীয় জল, খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার তীব্র সংকট দেখা দিয়েছে।

 

এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, জাতীয় এই দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন এই অনুদান প্রদান করেছে। তারা আশা প্রকাশ করেন যে, এই সহায়তা বন্যাদুর্গত মানুষের জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে। একইসঙ্গে তারা দেশের সকল সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই মানবিক সংকটে এগিয়ে আসার আহ্বান জানান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন